ছবিঃ সংগৃহীত
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন এক রান আউট দেখা গেল, যা সচরাচর চোখে পড়ে না—আর তার শিকার হলেন তিলক বর্মা, নিজেরই চরম অসতর্কতায়। শটের পর ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া তিলক কোনো তাড়া ছাড়াই একেবারে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ফিরছিলেন। সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্তও নষ্ট করেননি প্রতিপক্ষ বোলার; উইকেটকিপারের কাছ থেকে বল পেয়েই স্টাম্প ভেঙে দেন তিনি। ক্রিজে পৌঁছানোর আগেই তাই অবিশ্বাস্যভাবে রান আউট হয়ে যান তিলক!
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে, বোলিংয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি। লেগ সাইডে তাঁর করা একটি ফুল টস সজোরে ফ্লিক করেন অক্ষর প্যাটেল। দুই ব্যাটার একটি সিঙ্গেল নেন, তবে পরক্ষণেই মাঝ পিচে এসে কথা বলতে শুরু করেন। বল সীমানা পেরিয়ে চার হয়ে গেছে ধরে নিয়ে দ্বিতীয় রানের চেষ্টাও করেননি তাঁরা, বরং হাত মেলান দুজনে। এরপর অক্ষর নিজের ক্রিজের দিকে হাঁটা ধরেন।
আসলে বলটি চার হয়নি। সীমানার কাছে ঝাঁপিয়ে পড়ে সেটি আটকে দেন কেমো পল। এরপর বলটি সীমানার দিকে গড়াতে থাকলে উঠে দাঁড়িয়ে আবার বলটি হাতে তুলে নেন পল এবং ছুড়ে দেন উইকেটকিপার শাই হোপের দিকে। কী ঘটছে টের পেয়ে দ্রুত ক্রিজে ব্যাট ছুঁইয়ে রান আউট এড়ান অক্ষর প্যাটেল। কিন্তু তিলক তখনো উল্টো দিকে মুখ করে হাঁটছিলেন, তাই কিছুই তাঁর চোখে পড়েনি। হোপ বলটি পাঠান বোলিং প্রান্তে দাঁড়ানো মোতির কাছে। তিলক তখনো নিজের ক্রিজ থেকে বেশ দূরে, ধীর পায়ে হেঁটে ফিরছেন। ঠিক সেই মুহূর্তে বল হাতে নিয়ে উইকেট ভেঙে আউটের আবেদন জানান মোতি।
মাঠের আম্পায়ার ব্যাপারটি বুঝে উঠতে না পারায় সিদ্ধান্তের ভার দেন তৃতীয় আম্পায়ারের হাতে। টিভি আম্পায়ার প্রথমে যাচাই করেন, সীমানায় পুরান ঠিকভাবে বলটি আটকাতে পেরেছিলেন কি না। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তিনি রান আউটের দৃশ্যটি দেখেন এবং রিপ্লে দেখে তিলককে আউট ঘোষণা করেন। ক্রিজে থিতু হয়েও এভাবে উইকেট হারানোয় হতাশায় মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন তিলক। ডাগআউটে বসা কোচ গৌতম গম্ভীরও বিষয়টিতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি।
এমন দৃশ্য অবশ্য নতুন নয়। ট্রেন্টব্রিজে ২০১১ সালের ভারত-ইংল্যান্ড টেস্টেও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল, যেখানে ঠিক এভাবেই রান আউট হন ইংল্যান্ডের ইয়ান বেল। ইয়ন মর্গানের শটে চার হয়ে গেছে ভেবে ক্রিজ ছেড়ে কথা বলতে মর্গানের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি। অথচ বলটি সীমানার দড়ি স্পর্শ করার আগেই ভারতের এক ফিল্ডার তা ছুড়ে দেন, আর মহেন্দ্র সিংহ ধোনি বেলকে রান আউট করেন। পরে অবশ্য ধোনি রান আউটের দাবি তুলে নেন এবং বেলও ব্যাটিং চালিয়ে যান।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর।