২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল স্বর্ণের দাম, কমেছে রুপাও
ছবিঃ সংগৃহীত
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমে নির্ধারিত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ৩ হাজার ১৪৯ টাকা কমে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১১৭ টাকা কমে ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৬ টাকা কমে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৫৯ টাকা কমে ২ হাজার ৬২৪ টাকায় নির্ধারণ করা হয়েছে।