বাইরের প্ররোচনায় ভুল সিদ্ধান্তের কথা স্বীকার, পৃথ্বী শ’র সঙ্গে আবার সম্পর্কে ফিরলেন আকৃতি
ছবিঃ সংগৃহীত
বাইরের মানুষের মতামত ও প্ররোচনায় প্রভাবিত হয়েই বাগদান ভেঙে আলাদা হওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা—সম্প্রতি ইনস্টাগ্রামে এক খোলামেলা বিবৃতিতে এমনটা স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র বাগদত্তা আকৃতি আগারওয়াল। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এবং নিজেদের মধ্যে খোলামেলা আলোচনার পর এই তারকা জুটি আবার একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন; ভাঙনের সুর পেরিয়ে জোড়া লেগেছে তাঁদের সম্পর্ক।
‘এ পার্সোনাল ক্লারিফিকেশন’ বা ব্যক্তিগত ব্যাখ্যা শিরোনামে ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে সম্পর্কে দূরত্ব তৈরির কারণ খোলাখুলি তুলে ধরেছেন আকৃতি। তিনি লেখেন, বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর কাছের কিছু মানুষের মতামত মনের ওপর প্রভাব ফেলেছিল; সেই মানুষেরা এমন ভান করেছিলেন যেন পৃথ্বী ও আকৃতির সম্পর্কটি তাঁরা দুজনের চেয়েও ভালো জানেন। আকৃতির উপলব্ধি, তিনি ভুল পথে চালিত হয়েছিলেন, আর দুজনে মিলে খোলামেলা আলোচনা না করেই তাড়াহুড়ো করে এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, যা তাঁদের সম্পর্কের প্রাপ্য ছিল না।
সিদ্ধান্তের পুরো দায় নিজের কাঁধে নিয়ে আকৃতি জানান, এ ঘটনায় যে মানসিক কষ্ট তৈরি হয়েছে, তার জন্য তিনি অনুতপ্ত। তিনি লিখেছেন, এরপর থেকে দুজন খোলামেলা কথা বলেছেন, একে অপরকে বুঝেছেন এবং আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা দুজনই একে অপরের জন্য যথেষ্ট, জীবনে আর কারও প্রয়োজন নেই। তাঁর চাওয়া, এখন থেকে তাঁদের ভবিষ্যৎ পরিচালিত হোক নিজেদের বোঝাপড়া, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমেই।
নতুন এই যাত্রার শুরুতে সবাই যেন তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানান, সে অনুরোধও করেছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চেই আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দিয়েছিলেন পৃথ্বী শ ও আকৃতি আগারওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদান অনুষ্ঠানের কিছু মিষ্টি ছবি দিয়ে ভক্তদের সম্পর্কের কথা জানিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু কিছুদিন পরই জুলাইয়ে আকৃতির একটি রহস্যময় পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়। প্রতারণা-সংক্রান্ত সেই পোস্ট দেখে অনেকেই ধরে নেন, তিনি সম্ভবত পৃথ্বীর দিকেই ইঙ্গিত করছেন। পরে অবশ্য আকৃতি পরিষ্কার করে জানান, পোস্টটি পৃথ্বীকে নিয়ে নয়, বরং তাঁর বন্ধুদের উদ্দেশে লেখা হয়েছিল।
এরপর গত সেপ্টেম্বরে হঠাৎই সম্পর্ক ভাঙার ঘোষণা দিয়ে আরেকটি আবেগঘন বার্তা দেন আকৃতি। তখন তিনি জানিয়েছিলেন, ভবিষ্যৎ জীবনের ভিন্ন লক্ষ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ভারাক্রান্ত হৃদয়ে তাঁরা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। তবে সব প্রতিকূলতা ও ভুল বোঝাবুঝি কাটিয়ে জুটিটি শেষ পর্যন্ত সম্পর্কে ফেরায় স্বস্তি পেয়েছেন তাঁদের ভক্তরা।