ছবিঃ সংগৃহীত
এক রাতে ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী; এর মধ্যে ১৮০টি ধ্বংস করা হয়েছে রাজধানী মস্কোর আশপাশে।
বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রায় ২০টি অঞ্চল এবং রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে রাতভর ড্রোনগুলো ধ্বংস করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।’
রাজধানীর দিকে এগিয়ে আসার পথে ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি এটি।
হামলার জেরে মস্কোর বিমানবন্দরগুলোর কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ফ্লাইট চলাচল বন্ধ ছিল।
অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও দাবি, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চল এবং খারকিভ অঞ্চলে জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে রাতভর ‘দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে ব্যাপক হামলা’ চালানো হয়েছে।
এসব স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হতো বলে দাবি মন্ত্রণালয়ের।