ছবিঃ সংগৃহীত
মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের এক সন্ধ্যার আড্ডা—সেখান থেকেই বলিউডে পা রাখার পথ খুলে যায় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। বলিউড বাদশাহর আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানে তিনি কণ্ঠ দিয়েছেন শাহরুখের অনুরোধেই। এর জন্য কোনো দীর্ঘ পরিকল্পনা কিংবা আনুষ্ঠানিক প্রস্তাবের দরকার পড়েনি।
এর আগে কোনো ভারতীয় সিনেমায় গান করেননি এড শিরান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রেকর্ডিং স্টুডিওর ভিডিও প্রকাশ করে বলিউড অভিষেকের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
গল্পের শুরু এড শিরানের ভারত সফর ঘিরে। সে সময় শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও গাঢ় হয়। মান্নাতে এড গিয়েছিলেন শাহরুখের ‘স্যাফায়ার’ গানের একটি বিশেষ দৃশ্য ধারণ করতে। সেখানেই শাহরুখের মাধ্যমে জনপ্রিয় সুরকার জুটি শচীন-জিগরের সঙ্গে তাঁর পরিচয় হয়।
এড শিরান জানান, প্রথম দেখাতেই শাহরুখ তাঁকে বলেছিলেন, পরের সিনেমায় তাঁর কণ্ঠ রাখতে চান। শেষ পর্যন্ত সেই কথাই বাস্তব হলো।
অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এড জানান, বছরের পর বছর ধরে শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। গতবার মান্নাতে সংগীতচিত্রের বিশেষ দৃশ্য ধারণের সময় শাহরুখই শচীন-জিগরের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন। সেই রাতেই ‘তু মিল যায়ে’ গানে নিজের অংশের কথা লিখে রেকর্ড করে ফেলেন তিনি।
গানটিতে এড শিরানের সঙ্গে গেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। দুই ভিন্ন সংগীতধারার এই দুই শিল্পীর একসঙ্গে কাজ নিয়ে এড বেশ উচ্ছ্বসিত। অরিজিৎ তাঁর সঙ্গে কণ্ঠ দেওয়ায় সেটিকে নিজের জন্য আনন্দের ব্যাপার বলেও উল্লেখ করেছেন তিনি।
বন্ধুর এমন কাজে খুশি শাহরুখ খানও। এড শিরানের প্রকাশ করা ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম পাতায় শেয়ার করে তিনি ধন্যবাদ জানিয়েছেন। গানের হিন্দি অংশ গাওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ বন্ধু, এই গানটি করার জন্য। বিশেষ করে হিন্দি অংশগুলোর জন্য। ভালোবাসি।’
শাহরুখ খানের ৬১তম জন্মদিনে, গত ২ নভেম্বর মুক্তি পায় ‘তু মিল যায়ে’। তারপর থেকেই গানটি ঘিরে শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ। জানা গেছে, প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটি দেখা হয়েছে ছয় কোটি বার। শুধু ইউটিউবেই প্রথম দিনে এসেছে ৩ কোটি ৬৩ লাখের বেশি দর্শন, পছন্দ ৪ লাখ ৩০ হাজারের বেশি।
এর মধ্য দিয়ে শাহরুখেরই আরেক সিনেমা ‘জওয়ান’-এর জনপ্রিয় গান ‘জিন্দা বান্দা’র প্রথম ২৪ ঘণ্টার দর্শনসংখ্যার রেকর্ড টপকে গেছে ‘তু মিল যায়ে’। ভারতীয় চলচ্চিত্রের গানের জগতে এটি নতুন রেকর্ড।
শাহরুখের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও রাঘব জুয়াল। বিশেষ চরিত্রে দেখা যাওয়ার কথা রানি মুখার্জি, কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোনকে।
সূত্র: আনন্দবাজার
প্রেক্ষাপট
দ্য ন্যাশনালের ২০২৫ সালের ৬ জুনের প্রতিবেদন অনুযায়ী, এড শিরানের ‘প্লে’ অ্যালবামের ‘স্যাফায়ার’ গানেও কাজ করেছিলেন অরিজিৎ সিং; সেখানে তিনি সেতার বাজান। গানটির ভিডিও ধারণ করা হয় ২০২৫ সালের ভারত সফরের সময়।
এক নজরে
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ২৬ জানুয়ারির প্রতিবেদন বলছে, ‘কিং’ পরিচালনা করছেন ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ; প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: দ্য ন্যাশনাল, ৬ জুন ২০২৫; দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ২৬ জানুয়ারি ২০২৬

