
চালকের লাইসেন্স নেই, সব কাগজের মেয়াদও শেষ—পদ্মার হাউসবোট ‘সোনার তরী’র চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত
পদ্মা নদীতে নোঙর করে রাখা রাজশাহীর পর্যটকবাহী হাউসবোট ‘সোনার তরী’ অবৈধ ও অসামাজিক কাজের আখড়া হয়ে উঠেছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, টাকার বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অসামাজিক কাজের সুযোগ করে দিচ্ছিল হাউসবোটের কর্তৃপক্ষ।
বুধবার নৌপুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথ অভিযান চালালে অভিযোগের সত্যতা মেলে, বেরিয়ে আসে ব্যাপক প্রশাসনিক অনিয়মও।
স্থানীয় সূত্র বলছে, সাধারণ পর্যটনের আড়ালে বেশ কিছুদিন ধরেই হাউসবোটটিতে অসামাজিক কাজ চলছিল। ব্যবসার জন্য সেখানে নানা প্যাকেজ চালু ছিল। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাবলিক প্যাকেজের ভাড়া ছিল ৮০০ টাকা, ফ্যামিলি প্যাকেজের ১৮০০ টাকা। সারা দিনের জন্য (সকাল ৯টা থেকে রাত ৮টা) পাবলিক প্যাকেজে নেওয়া হতো ১৮০০ টাকা, ফ্যামিলি প্যাকেজে ৩০০০ টাকা। এসব প্যাকেজের সুযোগ নিয়ে চুক্তিতে টাকা নিয়ে তরুণ-তরুণীদের অবস্থান আর অসামাজিক কাজের সুবিধা দিত হাউসবোট পরিচালনাকারীরা।
অভিযোগ পেয়ে নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা একসঙ্গে হাউসবোটে যান। চলাচলের বৈধ কাগজপত্র চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি। খোঁজ নিয়ে দেখা যায়, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, আর হাউসবোট চালানোর জন্য দরকারি সব কাগজের মেয়াদ আগেই পেরিয়ে গেছে (ডেট ফেল)।
অভিযান প্রসঙ্গে নৌপুলিশ পরিদর্শক বিকাশ বলেন, ‘পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজ পেশ করা ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান, চালকের লাইসেন্স না থাকায় এবং হাউসবোটের সব কাগজের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আপাতত এর চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের হালনাগাদ ছাড়পত্র আর প্রয়োজনীয় সব কাগজ বিআইডব্লিউটিএতে দেখিয়ে অনুমতি পেলে তবেই আবার হাউসবোটটি চালানো যাবে।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
