
আলেমরা নবীদের উত্তরাধিকারী: কোরআন-হাদিসে জ্ঞানীর মর্যাদা
ছবিঃ সংগৃহীত
জ্ঞানীদের উঁচু মর্যাদার কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। সুরা জুমারের ৯ নম্বর আয়াতে প্রশ্নের আকারে তিনি বলেন, ‘বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?’ এই প্রশ্নই সাধারণ মানুষের তুলনায় জ্ঞানীদের অনন্য অবস্থান বুঝিয়ে দেয়। সুরা মুজাদালার ১১ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন, ‘তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু স্তর উন্নত করবেন।’
সত্যিকারের জ্ঞানী মানুষের একটি বড় বৈশিষ্ট্য হলো, তারা পরম করুণাময়কে গভীরভাবে উপলব্ধি করে এবং তাঁকে ভয় করে। সুরা ফাতিরের ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহর বান্দাদের মধ্যে শুধু জ্ঞানীরাই তাঁকে ভয় করে।’ অর্থাৎ মানুষের জ্ঞান যত বাড়বে, রবের প্রতি তার ভয়, শ্রদ্ধা, বিনয় আর আনুগত্যও তত গভীর হবে।
জ্ঞানীদের মর্যাদা নিয়ে রাসুলুল্লাহ (সা.) বহু হাদিসে কথা বলেছেন। এক হাদিসে তিনি বলেন, ‘সাধারণ ইবাদতকারীর ওপর একজন আলেমের মর্যাদা ঠিক তেমন, যেমন তোমাদের সর্বাপেক্ষা সাধারণ ব্যক্তির তুলনায় আমার মর্যাদা!’ (জামে তিরমিজি)। আরেক হাদিসে এসেছে, ‘জ্ঞানীদের জন্য সৃষ্টিজগতের সবকিছুই ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের তলদেশের মাছও।’ জ্ঞানীদের জন্য এ এক বিরল সম্মান—গোটা সৃষ্টিজগৎ তাদের কল্যাণ কামনায় ব্যাকুল থাকে।
তবে জ্ঞানীদের সবচেয়ে বড় গৌরব, তারা নবী-রাসুলদের উত্তরাধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আলেমরা নবীদের ওয়ারিশ বা উত্তরাধিকারী। নবীগণ দিরহাম বা দিনার, অর্থাৎ কোনো পার্থিব সম্পদের উত্তরাধিকার রেখে যাননি; তাঁরা উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন ইলম বা ঐশী জ্ঞান।’ (সুনানে আবু দাউদ)
সমাজে জ্ঞানীদের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) একটি সুন্দর উপমাও দিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীতে আলেমের অবস্থান আসমানের তারকারাজির মতো। নক্ষত্র দেখে যেমন মানুষ আঁধার রাতে পথের দিশা পায়, তেমনি আলেমরা না থাকলে মানুষ পথভ্রষ্টতার অন্ধকারে দিগ্বিদিক হারিয়ে ফেলে।’ (সুনানে বায়হাকি)
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
