
এআইয়ের কল্যাণে ১০ বছরেই অতীত হবে ক্যানসার, বলছেন আমোদেই; মানছেন না ওষুধশিল্পের নির্বাহীরা
ছবিঃ সংগৃহীত
ক্যানসার, আলঝেইমার, হৃদ্রোগ আর মানসিক অসুস্থতার মতো জটিল রোগ আগামী এক দশকের মধ্যে অতীতের বিষয় হয়ে যেতে পারে—কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতি দেখে এমন আশার কথা শুনিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তবে ওষুধশিল্পের শীর্ষ নির্বাহী ও চিকিৎসাবিজ্ঞানীরা তাঁর এই পূর্বাভাসের সঙ্গে একমত নন। তাঁদের মতে, রোগ সারাতে এআইয়ের সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু এত কম সময়ে বড় সাফল্যের দাবি এখনই বাস্তবসম্মত নয়।
ক্লড (Claude) নামের এআই মডেল তৈরি করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির সিইও আমোদেই সম্প্রতি বলেন, ‘ক্যানসার, আলঝেইমার, হৃদ্রোগ ও মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকের কম সময়ের মধ্যে এগুলো অতীতের বিষয় হয়ে যাবে।’ তাঁর মত, এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে চিকিৎসাবিজ্ঞানের এমন এক যুগে মানুষ ঢুকতে পারে, যেখানে হাজার বছরের অমীমাংসিত অনেক সমস্যার সমাধান মিলবে।
এআই খাতের অন্য প্রভাবশালীরাও একই ধরনের আশাবাদী। ইলন মাস্কের পাশাপাশি গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও মনে করেন, ওষুধ আবিষ্কারের দীর্ঘ প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে এআই। আগামী এক দশকে সব ধরনের রোগ নির্মূলের সম্ভাবনার কথাও বলেছেন হাসাবিস।
উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে গুগলের এআই প্রযুক্তি আলফাফোল্ডের (AlphaFold) সাফল্য। ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করতে পেরেছে প্রযুক্তিটি, যা জীববিজ্ঞানের গবেষণায় বড় অগ্রগতি। তবে বিজ্ঞানীরা বলছেন, প্রোটিনের গঠন বের করা আর ক্যানসার বা আলঝেইমারের মতো জটিল রোগের কার্যকর চিকিৎসা খুঁজে পাওয়া এক জিনিস নয়।
এআই দিয়ে এত দ্রুত ওষুধ আবিষ্কারের সময়সীমাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেছেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন। তিনি জানান, তাঁদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির প্রযুক্তি দিয়ে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করেছে, কিন্তু এআই এককভাবে তৈরি করেছে—এমন কোনো কার্যকর ওষুধ পায়নি।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, কম্পিউটারে সম্ভাবনাময় কোনো ওষুধের অণু খুঁজে পাওয়াই চিকিৎসা আবিষ্কারের শেষ ধাপ নয়। সেটিকে পরীক্ষাগার, প্রাণীর শরীর এবং পরে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হয়; লাগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও। একটি ওষুধ বাজারে আসতে সাধারণত ১০ থেকে ১২ বছর লেগে যায়। প্রাথমিক গবেষণা আর সম্ভাব্য ওষুধ খোঁজার কাজ এআই দ্রুত করতে পারলেও এসব পরীক্ষার বিকল্প সে নয়।
জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস ও হৃদ্রোগ বিশেষজ্ঞ এরিক টোপোলের মতো সমালোচকদের মতে, জীববিজ্ঞানের জটিল কার্যকারণ বোঝার ক্ষমতা বর্তমান এআই মডেলগুলোর এখনো সীমিত। ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসায় ব্যাপকভাবে জায়গা করে নিতে পারেনি।
১৯৭০-এর দশকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ‘ক্যানসারবিরোধী যুদ্ধের’ কথাও মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। তখনো দ্রুত ক্যানসার জয়ের উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাঁদের মতে, চিকিৎসাবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা এআইয়ের আছে, কিন্তু সেই সম্ভাবনাকে নিশ্চিত সাফল্য হিসেবে দেখালে সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতাকে অনেক ছাড়িয়ে যেতে পারে।
প্রেক্ষাপট
টেকক্রাঞ্চের ১১ অক্টোবর ২০২৪ তারিখের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ হাজার শব্দের এক প্রবন্ধে আমোদেই লিখেছিলেন, আগামী ৭ থেকে ১২ বছরে এআই প্রায় সব সংক্রামক রোগের চিকিৎসা, বেশির ভাগ ক্যানসার নির্মূল, জিনগত রোগ সারানো এবং প্রাথমিক পর্যায়েই আলঝেইমার থামাতে সাহায্য করতে পারে।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: টেকক্রাঞ্চ, ১১ অক্টোবর ২০২৪
