
বেলকুচিতে চায়ের দোকানে হামলা, ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু; অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে ছুরিকাঘাতে আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়; আজ বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামে তাঁর বাড়ি; বাবা মৃত সোহরাব আলী বেপারী।
পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে গিয়েছিলেন আশরাফ। তখন মোটরসাইকেলে আসা ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁর ওপর চড়াও হয়। মারধরের পর তাঁর পাঁজরে ছুরিকাঘাত করা হয়। এরপর নানা স্লোগান দিতে দিতে হামলাকারীরা চলে যায়।
খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আজ বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
আশরাফ আলীর ছোট ভাই রেজাউলের অভিযোগ, দোকানে বসে থাকার সময় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে এসে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর ভাইয়ের ওপর হামলা চালান। হামলার নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী। রেজাউল জানান, মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত অনেকের নাম বলে গেছেন।
অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইলে একাধিকবার ফোন করা হয়, কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
