
জাতীয় ঐক্যের ডাকে পূর্ণ সমর্থন এডিটরস কাউন্সিলের
ছবিঃ সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন বিদেশি মদতে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। এর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।সেই আহ্বানে পূর্ণ সমর্থন দিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
আজ বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান একটি যৌথ বিবৃতি দেন। গোপালগঞ্জসহ দেশের নানা জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, তা নিয়ে বিবৃতিতে উদ্বেগ জানানো হয়। তাঁদের ভাষ্য, বিদেশি সমর্থনে চলা এসব সন্ত্রাসী তৎপরতা এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকদের চালানো সহিংসতার তীব্র নিন্দাও করেছেন তাঁরা।
এমন পরিস্থিতিতেই জাতীয় সংসদে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান। এনইসির মতে, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের এই ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়া উচিত।
জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন বিশ হাজার মানুষ। তাঁদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, আর সেটিকে সুদৃঢ় করতে হবে বলে মনে করে এনইসি। সংগঠনটি বলেছে, সব ধরনের বিভাজন ভুলে জাতিকে এক থাকতে হবে। ‘পরাজিত তাঁবেদার শক্তির’ দেশবিরোধী সব কর্মকাণ্ড একজোট হয়ে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এ লক্ষ্যে ক্ষমতাসীন ও বিরোধী দলের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনইসি।
সূত্র: যায়যায়দিন
