
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার রংপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাবলু
ছবিঃ সংগৃহীত
থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিনি রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্য, থাইল্যান্ডে যেতে বুধবার ঢাকা বিমানবন্দরে পৌঁছান মোছাদ্দেক হোসেন বাবলু। তখনই ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলন দমনের ঘটনায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে; একটির চার্জশিট হয়েছে, বাকি দুটি তদন্তাধীন। চার্জশিট হওয়া মামলাটিতেই তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি ওয়াদুদ আলম বলেন, থানায় মোছাদ্দেক হোসেন বাবলুর নামে তিনটি মামলা রয়েছে। একটিতে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে, আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।
মোছাদ্দেক হোসেন বাবলু ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। তা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটে লড়ায় ওই বছরের ২৫ সেপ্টেম্বর বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
