
খুবির ফার্মেসি ডিসিপ্লিনে মাস্টার্সে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত
ছবিঃ সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফার্মেসি প্রোগ্রামে ভর্তির আবেদন চেয়েছে। এক বছর মেয়াদি পাঠ্যক্রমভিত্তিক এবং গবেষণাপত্রসহ দেড় বছর মেয়াদি মিশ্র পদ্ধতির—এই দুই প্রোগ্রামেই আগামী ২০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শেখ জামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবেদনকারীকে বি.ফার্ম (অনার্স) ডিগ্রিধারী হতে হবে, শিক্ষাজীবন হতে হবে কমপক্ষে ১৬ বছরের। তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাজীবনের সঙ্গে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা, জমা দিতে হবে অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ফার্মেসি ডিসিপ্লিনের অফিস থেকে আবেদন ফরম নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে।
