এক সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, মাংস, ডিম ও সবজির দাম চড়া
ছবিঃ সংগৃহীত
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে। তার সঙ্গে পাল্লা দিয়ে চড়েছে মাছ, মাংস ও ডিমের দামও।
জাত ও মানভেদে বাজারে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে; টমেটোর দাম ১০০ থেকে ১২০ টাকা, করলার ৮০ থেকে ১০০ টাকা। কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে পটল ও ঢ্যাঁড়স, একই দাম চিচিঙারও—৬০ থেকে ৭০ টাকা। ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে মিলছে কাঁকরোল ও ঝিঙা; বরবটির কেজি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপের ৩০ থেকে ৪০ টাকা আর লাউয়ের ৬০ থেকে ৭০ টাকা।
এর বাইরে আলুর কেজি ৩০ টাকা, লতির ৮০ টাকা ও কচুরমুখীর ৬০ টাকা; শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি কেজি মিষ্টিকুমড়ার জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। চালকুমড়া বিক্রি হচ্ছে পিস হিসেবে, প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায়।
স্বস্তি মিলছে না মাছ, ডিম ও মুরগির বাজারেও। এখন প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা; সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন ফার্মের মুরগির ডিম কিনতে লাগছে ১৬০ টাকা।
ক্রেতাদের ভাষ্য, প্রায় সব ধরনের সবজির দাম আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। যে সবজিগুলো গত সপ্তাহে তুলনামূলক কম দামে পাওয়া যেত, এখন সেগুলো কিনতেই বাড়তি টাকা গুনতে হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বাজারে সবজির জোগান খানিকটা কমেছে; এ কারণেই নতুন করে দাম বেড়েছে বেশ কয়েকটি সবজির।