মন্ত্রণালয়ভিত্তিক প্রশিক্ষণে একক সিলেবাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমগুলোকে একই ছাতার তলায় নিয়ে আসতে হবে এবং প্রশিক্ষণ ও সনদ দেওয়ার ব্যবস্থা করতে হবে অভিন্ন সিলেবাসে।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সকাল ১০টায় বসে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভা। তাতে সভাপতিত্ব করার সময় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও বিদেশের শ্রমবাজারে যে চাহিদা রয়েছে, সে অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এনএসডিএ। বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা আন্তর্জাতিক শ্রমবাজারে বাড়ানোর ক্ষেত্রেও এ প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি উল্লেখ করেন, এখন সময়ের দাবি হলো তরুণদের দক্ষতা উন্নয়ন। নানা প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন মন্ত্রণালয় চালাচ্ছে বটে, তবে সমন্বয়ে ঘাটতি থাকায় এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর ফলে এসব সনদ দিয়ে তরুণ প্রজন্ম দেশে ও বিদেশে প্রত্যাশিত স্বীকৃতি পাচ্ছে না।
প্রধানমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে এনএসডিএর গভর্নিং বডিকে; এ জন্য অল্প সময়ের ভেতর একটি ছোট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রশিক্ষণ ও সনদ যেন অভিন্ন সিলেবাসের মাধ্যমে দেওয়া হয়, সে বিষয়ে তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
তিনি মনে করেন, প্রশিক্ষণ ও সনদায়নের একটি অভিন্ন ও আন্তর্জাতিক মানের ব্যবস্থা চালু করা গেলে একদিকে তরুণদের দক্ষতা বাড়বে, অন্যদিকে দেশি ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাড়বে তাদের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতাও।
বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সভায় ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান।