‘৫ আগস্ট হঠাৎ আসেনি, এর পেছনে ১৭ বছরের লড়াই’: পানিসম্পদমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
‘৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ৫ আগস্ট হঠাৎ করে আসেনি। আপনারা-আমরা, আমাদের ছাত্র-যুবক, তরুণ-তরুণীরা মাঠে থেকে আন্দোলন করে এই প্রেক্ষাপট তৈরি করেছে।’ কথাগুলো বলেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩-এর যৌথ আয়োজনে বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচি হয় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায়, জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রীর ভাষায়, ‘যেদিন আমরা শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত বিরোধী দল প্রতি মুহূর্তে সরকারি দলকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল যদি এই সুযোগ না দিত, লং মার্চ না করত, তাহলে তারা এই সুযোগ পেত না।’
এ্যানি আরও বলেন, ‘বিএনপিকে চাপে রেখে তারা (বিরোধী দল) ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়। এভাবে কি ক্ষমতায় আসা যায়? এবার তারা বেহেশতের কথা বলে ক্ষমতায় আসতে চেয়েছিল। ভোটের এক সপ্তাহ আগে হাতে আইডি কার্ড নিয়ে টাকা দিয়ে কিছু ভোট নিয়েছে। আমাদের কিছু মানুষের দুর্বল জায়গায় আঘাত করে ভোট আদায় করেছে। তাই ভবিষ্যতে আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।’
পানিসম্পদমন্ত্রীর কথায়, ‘কোনো সুযোগ নিয়ে কেউ বাংলাদেশ ও জনগণের ক্ষতি করবে—বিএনপি ও তারেক রহমানের সরকার তা মেনে নেবে না। কারণ জনগণের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেই আমরা এখানে এসেছি।’
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং সেই দায়িত্ব পালন করছি।’
অন্যদের মধ্যে অনুষ্ঠানে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।