নিখোঁজের এক দিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষিকার ছেলের লাশ
ছবিঃ সংগৃহীত
বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। নিখোঁজ হওয়ার এক দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ তার লাশ উদ্ধার করেছে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান।
বর্ডারগার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত অপ্রতিম। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বেরিয়েছিল অপ্রতিম; সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার ওই বাসা ছাড়ার সময় তার সঙ্গে ছিল মায়ের আইফোন, উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে ছবি তোলা। সে আর বাড়িতে ফিরে আসেনি। নানা জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সে নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে স্বজনদের সঙ্গে সঙ্গে তৎপর ছিল পুলিশও। পুলিশ পর্যালোচনা করছিল তার সর্বশেষ অবস্থান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামের ভাষ্য, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার ও এলাকায় শোক নেমে আসে। তার মৃত্যু কীভাবে হয়েছে আর তাতে কারা জড়িত, পুলিশ তা খুঁজে দেখছে।