
মৃত্যু কামনা থেকে অন্যের নিয়ামতে লোভ: যে ৪ আকাঙ্ক্ষা থেকে সতর্ক করেছে ইসলাম
ছবিঃ সংগৃহীত
ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা—এসবের ওপরই গড়ে ওঠে একজন মুমিনের জীবন; শুধু আশা-আকাঙ্ক্ষা বা কল্পনার ওপর তা দাঁড়ায় না। অবাস্তব ও ভিত্তিহীন আকাঙ্ক্ষাকে নিঃস্ব ও নিঃসম্বল মানুষের মূলধন বলা হয়েছে; এসব আকাঙ্ক্ষা নিয়েই তারা সময় পার করে, এগুলো উপভোগ করেই কাটিয়ে দেয় জীবন। [ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.), মাদারিজুস সালিকিন : ৩/৪৯৪]
কোনো কাজ, প্রচেষ্টা বা সাধনা ছাড়া কেবল স্বপ্ন আর কল্পনায় ভর করা অলীক আকাঙ্ক্ষার ব্যাপারে ইসলাম সতর্ক করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘বিষয়টি তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয় এবং আহলে কিতাবের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয়। যে মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে।’(সুরা আন-নিসা, আয়াত : ১২৩)
আয়াতটির ব্যাখ্যায় শায়খ ইবনু সাদি (রহ.) বলেন, ‘আকাঙ্ক্ষা হলো এমন কিছু মনের কল্পনা, যার সঙ্গে কোনো আমল বা কাজের সম্পর্ক নেই। কারণ আমলই দাবির সত্যতা প্রমাণ করে অথবা তা মিথ্যা বলে প্রতিপন্ন করে।’ (তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ইবনু সাদি, পৃষ্ঠা-২০৫)
এ ধরনের আকাঙ্ক্ষা মানুষের দৃঢ় সংকল্পকে দুর্বল করে, চেষ্টা-সাধনা ছাড়াই কল্পনার জগতে থাকতে অভ্যস্ত করে তোলে। সে কারণে পূর্বসূরি মুসলিম মনীষীরা এ বিষয়ে নানাভাবে সতর্ক করে গেছেন।
ইসলামের চোখে যে আকাঙ্ক্ষাগুলো নিষিদ্ধ
১. বিপদ বা কষ্টে পড়ে মৃত্যু কামনা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন তার ওপর আপতিত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই কিছু বলতে হয়, তাহলে সে যেন বলে—হে আল্লাহ! যত দিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর, তত দিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দান করুন।’ (বুখারি, হাদিস : ৬৩৫১)
ইমাম ইবনে কাসির (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, বিপদ যখন কেবল ব্যক্তিগত পর্যায়ের, তখনই এই নিষেধ খাটে। দ্বিনের ক্ষেত্রে ফিতনা বা বিপর্যয়ের আশঙ্কা থাকলে মৃত্যু কামনা করা বৈধ। (তাফসিরুল কোরআনিল আজিম, ইবনু কাসির ৪/৪১৬)
২. শত্রুর মুখোমুখি হওয়ার কামনা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কোরো না; বরং আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। আর যখন তাদের মুখোমুখি হবে, তখন ধৈর্য ধারণ করো।’ (বুখারি, হাদিস : ২৯৬৫)
৩. পাপ ও অশ্লীল কাজের কামনা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চোখও জিনা (ব্যভিচার) করে, অন্তরও জিনা করে। চোখের জিনা হলো (হারাম বস্তুর প্রতি) দৃষ্টিপাত করা। আর অন্তরের জিনা হলো (হারাম কাজের) আকাঙ্ক্ষা করা। অতঃপর লজ্জাস্থান সেটিকে বাস্তবে রূপ দিয়ে সত্য প্রমাণ করে অথবা তা থেকে বিরত থেকে মিথ্যা প্রমাণ করে।’ (বুখারি, হাদিস : ৬২৪৩)
অর্থাৎ মনে পাপের যে বাসনা জাগে, রাসুলুল্লাহ (সা.) তাকে অন্তরের জিনা ও অশ্লীলতার মধ্যেই গণ্য করেছেন।
৪. আল্লাহ অন্যকে যে নিয়ামত দিয়েছেন, তা নিজের জন্য কামনা : আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা এমন বিষয়ে আকাঙ্ক্ষা কোরো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৩২)
এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর (রহ.) বলেন, ‘বিভিন্ন নামে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিপ্লব ও প্রচারণার সৃষ্টি হয়েছে, তার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহ যেসব নিয়ামত ও শ্রেষ্ঠত্ব এক শ্রেণির মানুষকে অন্য শ্রেণির ওপর দান করেছেন, সেগুলো নিজের জন্য কামনা করা।’ (আত-তাহরির ওয়াত-তানভির, ইবনু আশুর : ৫/৩১)
কাজেই অবাস্তব ও নিষিদ্ধ আকাঙ্ক্ষার পেছনে সময় নষ্ট না করে বৈধ ও কল্যাণকর লক্ষ্য ঠিক করা এবং আন্তরিকভাবে তা পূরণের চেষ্টা করাই আমাদের কাজ।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
