ছবিঃ সংগৃহীত
৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘রইদ’। অস্কারে যাচ্ছে বাংলাদেশের এই চলচ্চিত্র, যার নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিকে দেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে বাছাই করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’, যা গঠিত হয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম রবিবার এক সংবাদ সম্মেলনে ছবিটির নাম ঘোষণা করেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি জানান, পাঁচটি চলচ্চিত্র ৯৯তম অস্কারে অংশ নেওয়ার জন্য জমা পড়েছিল। সেগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’। এর মধ্যে ‘মানুষের বাগান’ পরে স্বেচ্ছায় প্রতিযোগিতা ছেড়ে যায়; অবশিষ্ট চারটি থেকে অস্কারের জন্য মনোনয়ন পায় ‘রইদ’।
অস্কার বাংলাদেশ কমিটি ছিল ছয় সদস্যের, যার চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ড. জহিরুল ইসলাম কচি। সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি এ কমিটির অন্য সদস্য।