আইন ভাঙলে ভিসা বাতিল ও স্থায়ী অযোগ্যতা: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ছবিঃ সংগৃহীত
শারীরিক আক্রমণ, চুরি এবং জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে; সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ীভাবে অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন। শনিবার এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে।
বার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশিদের সে দেশের আইন মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। দূতাবাস সতর্ক করেছে, আইন ভঙ্গের ফলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের বেলায় স্থায়ী অযোগ্যতা তৈরি হতে পারে।
দূতাবাসের বক্তব্য, আইন-শৃঙ্খলার প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল। দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণার্থীও যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন—এমনটাই তারা প্রত্যাশা করে।
বিদেশি নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় যেন স্থানীয় আইন ও বিধি-বিধান অনুসরণ করেন, সে আহ্বানও জানিয়েছে মার্কিন দূতাবাস।