২৪২ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করল যুব উন্নয়ন অধিদপ্তর, প্রশ্ন ফাঁসের অভিযোগ
ছবিঃ সংগৃহীত
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এ পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে; এমন পরিস্থিতিতেই সিদ্ধান্তটি এল। শনিবার সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে অধিদপ্তর বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য MCQ বাছাই পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ দুই কর্মদিবসের মধ্যে জানানো হবে।’
পরীক্ষাটি শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় হওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে তা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ২৪২টি পদের বিপরীতে সারাদেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।