আট বিভাগেই বৃষ্টির আভাস, সারা দেশে সামান্য কমতে পারে তাপমাত্রা
ছবিঃ সংগৃহীত
দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় এমন বৃষ্টির আভাস রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য কমতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে; আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নিতে পারে।
গতকাল বুধবার সীতাকুণ্ড ও খুলনায় যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সিলেটে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ বাতাস বইছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে, ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ভোর ৬টায় ছিল ৮৭ শতাংশ।
ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ।
আজ সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে ঢাকায় সূর্যাস্ত, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।