‘আমি থামতে চাইনি বলেই দীর্ঘ হয়েছে ইরান যুদ্ধ’— ট্রাম্প
ছবিঃ সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হয়েছে নিজের সিদ্ধান্তের কারণেই—এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর ঠিক পরেই যুদ্ধ বন্ধ করার সুযোগ থাকলেও অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন তিনি।
যুদ্ধ ছয় থেকে আট সপ্তাহ চলবে—শুরুর দিকে এমনটাই বলেছিলেন তিনি। সেই যুদ্ধ সপ্তম মাসে গড়াল কেন, এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম”।
তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বি-টু বোমারু বিমানের হামলার পরপরই অভিযান বন্ধ করা সম্ভব ছিল। তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা কার্যক্রম আবারও শুরু করার জন্য “উদগ্রীব” ছিলেন; একই স্থানে না পারলেও অন্য কোনো জায়গায় তা শুরু করা তাঁদের পক্ষে সম্ভব ছিল।
মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “আমি সেখানেই থামতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, সেটা ঠিক হবে না”।
ট্রাম্প এ-ও বলেন, তাঁর চাওয়া ছিল ইরান যেন “অন্য কোনো রূপে ফিরে আসতে” না পারে।
ইরানকে “ধ্বংস করে দেওয়ার” বিষয়ে ট্রাম্প আগে যে হুমকি দিয়েছিলেন, টাইম ম্যাগাজিন এরপর সে প্রসঙ্গে প্রশ্ন তোলে।
উত্তরে তাঁর বক্তব্য, “হ্যাঁ, আমি সেটা করতে পারি”।
তখন এক সাংবাদিক জানতে চান, যিনি নিজেকে “প্রেসিডেন্ট অব পিস” বলে দাবি করেন, তেমন একজন মানুষ একটি দেশকে ধ্বংস করে দেওয়ার কথা কীভাবে বলতে পারেন?
ট্রাম্প উত্তর দেন, “ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা বিশ্বে শান্তি এনেছি। আমার মনে হয় না, ইরানের সঙ্গে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে”।