উত্তরায় জাপা চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভ, জিএম কাদেরের গ্রেপ্তার দাবি
ছবিঃ সংগৃহীত
উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসার সামনে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যোগ দেন এলাকার ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা।
বাসাটির সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন এবং জিএম কাদেরের বিচার চান।
মিছিলের ব্যানারটিতে ‘কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি’ দেখানো হয়। সেখানে লেখা ছিল—‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ ও ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টে ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে শত শত প্রাণের বিনিময়ে পরিবর্তন এনেছে; তবু জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে এখনো গোপনে যোগাযোগ রেখে চলেছে।
বক্তাদের ভাষ্য, তিনটি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিগত সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার কাজটি করেছিল জাতীয় পার্টি। তাঁরা বলেন, ফ্যাসিবাদের কোনো দোসরকে নতুন বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা।