কক্সবাজারে মোটরসাইকেলে লুকানো ১৪ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে। কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় চালানো এ অভিযানে মাদক বহনের কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ হয়েছে।
গ্রেফতার হওয়া দুজনের একজন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০), অন্যজন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।
এসআরবি-১৫ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার সদরের দিকে আসছেন। সেই খবরের ভিত্তিতে লিংক রোড রেলক্রসিং এলাকায় গত ২১ সেপ্টেম্বর রাতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে সন্দেহভাজন মোটরসাইকেলটি এলে তা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে মোটরসাইকেলটিতে ১৪ হাজার পিস ইয়াবা মেলে, যা বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে।
ইয়াবা ছাড়াও এ অভিযানে জব্দ হয়েছে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ২০০ টাকা।
গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহের পর কক্সবাজারসহ দেশের নানা জায়গায় তা সরবরাহের কাজ তারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া মাদক এবং অন্যান্য আলামতসহ ওই দুজনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।