ডেঙ্গু রোগী কম, তবু কোথাও কোথাও ৬০-৭০ শতাংশ স্থানে এডিসের লার্ভা: ডিএনসিসি প্রশাসক
ছবিঃ সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত, যদিও ডেঙ্গু রোগী তুলনামূলকভাবে কম।
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডেঙ্গুর লার্ভা ধ্বংস অভিযান এবং সচেতনতামূলক কর্মশালার উদ্বোধনের পর এ তথ্য দেন তিনি।
প্রশাসক বলেন, লার্ভা বেশি মিলছে সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন এবং মানুষের যাতায়াত কম থাকে এমন সব জায়গায়। ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট এসব স্থানে অভিযান পরিচালনার কাজ করছেন। কোথাও লার্ভা মিললে সেগুলো ধ্বংস করা হচ্ছে, সঙ্গে জরিমানাও করা হচ্ছে।
মশক নিধনের কাজে গাফিলতির অভিযোগে ইতিমধ্যে দুজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। এর বাইরে মশার ওষুধ প্রয়োগের আগে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ডিএনসিসির আওতায় থাকা হাসপাতালগুলো থেকে ডেঙ্গু রোগীর তথ্য প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে এবং তা দিয়ে একটি ডেটাবেজও গড়ে তোলা হচ্ছে।