রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টার পুলিশি অভিযানে গ্রেপ্তার ২০২ জন
ছবিঃ সংগৃহীত
বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২০২ জন গ্রেপ্তার হয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশের চালানো অভিযানে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজশাহী রেঞ্জ কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ২০২ জনের মধ্যে রয়েছেন ৯৬ জন পরোয়ানাভুক্ত আসামি, ২০ জন সাজাপ্রাপ্ত, তদন্তাধীন মামলার ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন। এর বাইরে আলাদা মাদকবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে মামলা হয়েছে ৫৫টি। এগুলোর মধ্যে খুনের একটি, দস্যুতার একটি, চুরির দুটি এবং অন্যান্য অপরাধের ৫১টি মামলা রয়েছে। ওই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ছয়টি।
অপরাধ দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানের সংখ্যা মোট ১৪৫টি। এসব অভিযান থেকে উদ্ধার হয়েছে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেনসিডিল, ২৮ বোতল কাশির সিরাপ, ৫ হাজার ৮৭৯ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৬০ লিটার ওয়াশ।
প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন, সাইবার সুরক্ষা আইন, যৌতুকের জন্য হত্যা কিংবা ডাকাতি-সংক্রান্ত কোনো মামলাই গত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়নি। একই সময়ে পুলিশি সেবা পেয়েছেন ১ হাজার ১৫০ জন নাগরিক।