জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি, নিবন্ধন ফি ৪ হাজার টাকা
ছবিঃ সংগৃহীত
আগামী বছরের ২৩ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের তারিখ ঠিক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অংশ নিতে আগ্রহীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতা, নিবন্ধনের সময়সীমা ও ফি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। আর মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষার ক্ষেত্রে আবেদনের সুযোগ পাবেন ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা।
প্রোগ্রামভেদে উত্তীর্ণ হওয়ার বছরে ভিন্নতা আছে। নিবন্ধন করতে পারবেন এমবিএতে ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা।
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যোগ্য বিবেচিত হবেন ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও নিবন্ধনের সুযোগ থাকছে। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে যোগ্যতার সময়সীমা ২০১৯ থেকে ২০২২ সাল।
এ ছাড়া ২০২২ ও ২০২৩ সালে বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদের জন্যও। পাশাপাশি অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএ প্রোগ্রামে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরা নিবন্ধন করতে পারবেন।
সমাবর্তনে অংশ নেওয়ার নিবন্ধন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য দিতে হবে নির্ধারিত ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে মূল সনদ আগেই সংগ্রহ করা থাকলে সংশ্লিষ্ট সনদের জন্য নতুন করে ফি লাগবে না।
নিবন্ধন সম্পন্ন করতে হবে অনলাইনে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট ও ডেবিট কার্ডে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাস কার্ডেও অর্থ পরিশোধের সুযোগ থাকছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সমাবর্তনের নির্দিষ্ট সময়, স্থান ও অনুষ্ঠানসূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।