ছবিঃ সংগৃহীত
প্রথমবারের মতো টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন কুশল মেন্ডিস; ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর দায়িত্ব উঠেছে তাঁর হাতে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কানরা।
পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার-ব্যাটসম্যান আনজালা বান্দারা এই প্রথম দলে জায়গা পেয়েছেন। টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাও, যিনি এই সংস্করণে সর্বশেষ খেলেছিলেন তিন বছর আগে।
ইংল্যান্ড সফরে চোট পাওয়া পাথুম নিশাঙ্কাও আছেন স্কোয়াডে। গত মাসে সীমিত ওভারের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ব্যাটার, পুরোপুরি সেরে ওঠার চেষ্টা এখনো চলছে। প্রথম টেস্টের আগে ফিটনেস ফিরে পেলে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন তিনি।
আগামী ৯ নভেম্বর পাকিস্তান সফরে রওনা হবে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দুটি টেস্ট হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।
শ্রীলঙ্কা টেস্ট দল:
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।