ছবিঃ সংগৃহীত
ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান, সঙ্গে উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল—আবুধাবি টেস্টে এই দুইয়ে মিলে টেস্ট ক্রিকেটে অনন্য এক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। টেস্টের ইতিহাসে এক ম্যাচের দুই ইনিংসে অন্তত ৫০ রান এবং ৯টি ডিসমিসালের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার এখন তিনিই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ইকরাম আলিখিলকে ফিরিয়ে রেকর্ডটি গড়েন লিটন। এবাদত হোসেনের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ইকরাম। শরীর থেকে বেশ খানিকটা দূরে সরে যাওয়া বলটি ক্ষিপ্রতার সঙ্গে গ্লাভসে জমান বাংলাদেশের উইকেটরক্ষক।
এত দিন টেস্টের এক ম্যাচে দুই ইনিংসে অন্তত অর্ধশতকের সঙ্গে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি কীর্তিটি গড়েছিলেন। এবার তাঁকে পেছনে ফেলে নতুন রেকর্ডের মালিক হলেন লিটন।
এই টেস্টের প্রথম ইনিংসেও উইকেটের পেছনে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন লিটন—প্রথম স্লিপের কাছাকাছি চলে যাওয়া একটি ক্যাচ ঝাঁপিয়ে লুফে নিয়েছিলেন তিনি, সেবারও বোলার ছিলেন এবাদত হোসেন। দুই ইনিংসেই অসাধারণ কিপিং করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে আফগানিস্তান তুলেছিল ৩ উইকেটে ১৩২ রান। ফলে শেষ দিনে জিততে তাদের আরও ৩৪৭ রান দরকার ছিল, আর বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট।
মঙ্গলবার ইকরাম আলিখিলের বিদায়ে আফগানিস্তানের ৬৬ রানের জুটি ভাঙে এবাদত-লিটন জুটির হাতে। দলীয় ২০২ রানে চতুর্থ উইকেট হারায় আফগানরা। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেন তিনটি এবং হাসান মাহমুদ একটি উইকেট নিয়েছেন।