ডিইউমুনার সভাপতি তাসনিম বিন মাহফুজ, সাধারণ সম্পাদক সাকিব আল নুর
ছবিঃ সংগৃহীত
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী (২০২১-২২ শিক্ষাবর্ষ) তাসনিম বিন মাহফুজকে সভাপতি করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিইউমুনা) নতুন কার্যনির্বাহী পরিষদের ঘোষণা এসেছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আল নুর।
সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের তত্ত্বাবধানে রবিবার (১১ অক্টোবর) এ নির্বাচন হয়।
নতুন কমিটির সহসভাপতির পদে এসেছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রিফা তামান্না। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আদিত্য আবরার রায়াত। এ ছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন আবরার মো. লাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত ইসলাম তুনাজ, প্রকাশনা সম্পাদক রোহান বিশ্বাস ও প্রচার সম্পাদক আহসান তাজোয়ার।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল মুনতাকিম রহমান, তাহসিন তানজিম নিজাম, নিশাত সুবাহ, সাদমান সাকিবুল হক, পৃথ্বীজিৎ ধর, সৈয়দ আল ফারাবী ও আফিফা মোহসীনা মারিয়া।
ডিইউমুনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুপাক্ষিক আলোচনা, কূটনৈতিক চর্চা, নীতিনির্ধারণী বিতর্ক এবং জাতিসংঘের কার্যপ্রণালি বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। প্রতিবছর সংগঠনটির আয়োজনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (ডানমান)। সেখানে আন্তর্জাতিক ও সমসাময়িক নানা প্রসঙ্গে আলোচনা ও বিতর্কে অংশ নিয়ে এবং কূটনৈতিক সমাধান খুঁজে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান।