বিদেশে স্কলারশিপের খোঁজ দিতে এআই প্ল্যাটফর্ম আনলেন শাবিপ্রবি ছাত্রদল সভাপতি
ছবিঃ সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, যার নাম ‘স্কলারভাই ডটকম’ (scholarbhai.com)। বিদেশে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সন্ধান, আবেদন গুছিয়ে নেওয়া আর নিখুঁত ডকুমেন্ট তৈরির মতো জটিল কাজগুলো সহজ করতেই চালু হয়েছে প্ল্যাটফর্মটি।
সোমবার (১২ অক্টোবর) রাহাত জামান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, দেশের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পান, সেটি নিশ্চিত করার লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, জিপিএ, সিজিএ, আইইএলটিএস স্কোর, ব্যাংক ব্যালেন্স বা স্টাডি গ্যাপের তথ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) ‘স্কলারভাই ডটকম’-এ আপলোড করলে প্ল্যাটফর্মের এআই সেটি বিশ্লেষণ করে নিজে থেকেই একটি প্রোফাইল বানিয়ে দেবে। এরপর ডাটাবেজে থাকা বিশ্বের নানা প্রান্তের স্কলারশিপের সঙ্গে শিক্ষার্থীর যোগ্যতা কতটা মেলে, তা পর্যালোচনা করে দেখাবে একটি ‘ফিট স্কোর’। কোথাও ঘাটতি থাকলে কীভাবে তা পূরণ করা যায়, সে পরামর্শও দেবে।
প্ল্যাটফর্মে আছে আলাদা একটি ‘ডকুমেন্ট ওয়ার্কস্পেস’। সেখানে এআইয়ের সাহায্যে জীবনবৃত্তান্ত নিজের মতো সাজিয়ে নেওয়া যাবে, আর স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বা কভার লেটার মূল্যায়ন করে দেওয়া হবে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’। প্ল্যাটফর্মটির 'প্রফেসর আউটরিচ' ফিচার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপকদের গবেষণার বিষয় বিশ্লেষণ করে নিজে থেকেই ইমেইলের খসড়া তৈরি করে দেবে। পাশাপাশি যাচাই করা (ভেরিফায়েড) বিশেষজ্ঞ এবং প্রাক্তন শিক্ষার্থী বা অ্যালামনাইদের কাছ থেকে দিকনির্দেশনাও পাবেন শিক্ষার্থীরা।
উদ্যোগ প্রসঙ্গে রাহাত জামানের ভাষ্য, তাঁদের রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যতের ভাবনাকে সামনে রেখেই। একুশ শতকের চ্যালেঞ্জ সামলাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তি আর তরুণদের মেধার এ মেলবন্ধন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ছাত্রদলের ওই শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান বলেন, সঠিক তথ্য না পেয়ে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন থেকে সরে আসেন। ধাপে ধাপে আন্তর্জাতিক ইন্টার্নশিপ এবং বিশ্বমানের নানা প্রতিযোগিতার তথ্যও তাঁদের এ প্ল্যাটফর্মে যোগ করা হবে বলে জানান তিনি।