ছবিঃ সংগৃহীত
দুই দফায় অনুমতি চাইলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো সাড়া মেলেনি মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেটে যে তদন্ত চলছে এবং তার মোবাইল ফোন যে জব্দ করা হয়েছে, তা নিয়ে জনসমক্ষে মুখ খুলতে চেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের উদ্ধৃতি দিয়ে তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
রিজওয়ান ও ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে সম্প্রতি ইংল্যান্ড সফর থেকে দেশে পাঠিয়ে দেয় পিসিবি। তাদের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতি ও অনলাইন জুয়ায় জড়িত থাকার যে অভিযোগ, তা যাচাই করতে এরপর তদন্তে নামে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। জিজ্ঞাসাবাদ চলে প্রায় দুই ঘণ্টা; পাশাপাশি তাদের মোবাইল ফোনগুলো জব্দ করে নেয় পিসিবির নিরাপত্তা দল।
৩৪ বছর বয়সী রিজওয়ান চেয়েছিলেন গোটা ঘটনায় নিজের অবস্থান জনসমক্ষে স্পষ্ট করতে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাখ্যা দিতে—জিও নিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে তিনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে চিঠিও পাঠিয়েছিলেন।
প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমতি রিজওয়ান চেয়েছিলেন কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুসরণ করেই। ওই চুক্তির ৪.১ ধারায় বলা আছে, চুক্তিভুক্ত কোনো বিষয়ে জনসমক্ষে কিছু বলতে হলে খেলোয়াড়দের আগে বোর্ডের অনুমতি নিতে হবে। তবে তার করা দুটি আবেদনের কোনোটিতেই পিসিবি সায় দেয়নি।
পিসিবি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা রিজওয়ানের লক্ষ্য নয়; বরং ঘটনা কীভাবে পরপর ঘটেছে এবং এ নিয়ে তার নিজের অবস্থান কী, সাধারণ মানুষকে তা জানাতেই তিনি মুখ খুলতে চেয়েছিলেন—এমনটাই দাবি জিও নিউজের সূত্রের।