দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবিঃ সংগৃহীত
১৭৩ বায়ুমান স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। নাগরিকদের জন্য বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বেড়ে চলার মধ্যেই ঢাকার এ অবস্থান।
এ তথ্য পাওয়া গেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের বুধবারের (৭ অক্টোবর) সূচক থেকে।
আইকিউএয়ারের সূচকে দেখা যায়, দূষিত শহরের বৈশ্বিক তালিকায় এদিন সবার ওপরে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ২১০ বায়ুমান স্কোর পাওয়া শহরটির বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের স্কোর ১৭৬। তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ভারতের দিল্লি ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ডে শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বায়ুর মানকে ‘অনেক ভালো’ বলা হয়, আর ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
অন্যদিকে ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।