দোহারে নবীনবরণে রিজভীর প্রশ্ন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী?’
ছবিঃ সংগৃহীত
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’
জ্বালানিসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের অর্থ লুটপাটের উদ্দেশ্যেই বিগত আওয়ামী লীগ সরকার রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন না হলেও বসিয়ে বসিয়ে ভাড়া গুনতে হতো।
বিএনপির এই নেতার অভিযোগ, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনো কথা বলা যাবে না—তৎকালীন সরকার এমন আইনও করেছিল; অথচ বর্তমান বিরোধী দল এসব বিষয়ে কোনো কথা বলছে না।
জয়পাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক সানু মোল্লা প্রমুখ।