নবীপ্রেম ইমানের অঙ্গ: পাহাড় ও বৃক্ষও ভালোবেসেছে মহানবী (সা.)-কে
ছবিঃ সংগৃহীত
পবিত্র আল কোরআনের আলোকে আমরা জানতে পারি, নবী করিম (সা.)-এর ইহসান তথা দয়া করেছেন, মহান আল্লাহতায়ালা নবীজি (সা.)-কে রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতস্বরূপ তথা রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি (সুরা আম্বিয়া-১০৭)। আল্লাহ আরও বলেছেন, নবী করিম (সা.) ইমানদারদের কাছে তাদের নিজেদের জানের চেয়েও অধিক ঘনিষ্ঠ (সুরা আহজাব-০৬)।
মানুষের মধ্যে মহব্বত তথা ভালোবাসার বিষয়টি সৃষ্টিগত ও জন্মগত। কোনো জ্ঞানবান ব্যক্তি তার জীবনে মহব্বতশূন্য হতে পারে না। প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহতায়ালাকে এবং তাঁর প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মোস্তফা (সা.)-কে। বুখারি শরিফের তরজমাতুল বাবে উল্লেখ রয়েছে হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইমান—নবীজি (সা.)-এর প্রেম ইমানের অঙ্গ। হজরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার পিতা, সন্তানসন্ততি এবং সব মানুষ থেকে অধিক প্রিয় হব না (বুখারি হাদিস নং-১৪)।
সৃষ্টিকুলের মধ্যে শুধু মানুষ নয়, পাহাড়ও রসুল (সা.)-কে ভালোবাসত। হজরত আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেছেন, নিশ্চয়ই উহুদ একটি পাহাড়। আমাদের সে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি (মুসলিম, হাদিস নং-৩২৩৭)। আমরা জানি, গাছ কথা বলতে পারে না কিন্তু প্রিয় নবীজি (সা.)-কে গাছও সালাম দিয়েছে। এগুলো নবুয়তের দলিল, মোজেজা। হজরত আলি (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা নবী করিম (সা.)-এর সঙ্গে মক্কায় ছিলাম। আমরা তাঁর সঙ্গে মক্কার কোনো এক প্রান্তে বের হলাম, আমরা পাহাড় এবং গাছের মধ্য দিয়ে অতিক্রম করছিলাম। গাছ এবং পাহাড় অতিক্রম করামাত্রই আমাদের এই বলে সালাম করেছে আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (জামে তিরমিজি, হাদিস নং-৩৬২৪)।
লেখক : খতিব, সিদ্দিকে আকবর (রা.) জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা
এক নজরে
লেখায় উদ্ধৃত দুটি হাদিসগ্রন্থই সংকলিত হয়েছে নবম শতাব্দীতে। সহিহ আল-বুখারি সংকলন করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি (মৃত্যু ৮৭০ খ্রিষ্টাব্দ); গ্রন্থটির কাজ বুখারায় শেষ হয় আনুমানিক ৮৪৬ খ্রিষ্টাব্দে এবং এতে পুনরাবৃত্তিসহ ৭ হাজার ৫৬৩টি হাদিস রয়েছে, আর ইবনে হাজার আসকালানির গণনায় পুনরাবৃত্তি বাদে সংখ্যাটি ২ হাজার ৬০২ — ইংরেজি উইকিপিডিয়ার তথ্যভুক্তিতে এ বিবরণ রয়েছে।
সহিহ মুসলিম সংকলন করেন আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আন-নিশাপুরি (জন্ম আনুমানিক ৮২২, মৃত্যু ৮৭৫ খ্রিষ্টাব্দ); এতে ৫৬টি অধ্যায়ে পুনরাবৃত্তিসহ ৭ হাজার ২৭৫টি হাদিস রয়েছে এবং মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকির গণনায় পুনরাবৃত্তি বাদে ৩ হাজার ৩৩টি। কুতুব আস-সিত্তাহর মধ্যে বুখারির পরেই এর অবস্থান এবং দুটিকে একসঙ্গে বলা হয় ‘সহিহাইন’ — একই উৎসে এ তথ্য রয়েছে।