পুরোটাই উড়াল পথে ৮১ কিলোমিটার রেললাইন, ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমবে প্রায় ৮০ কিলোমিটার
ছবিঃ সংগৃহীত
ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন বানানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টার ভাষ্যে, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত রেলপথটির ৮১ কিলোমিটারের পুরো অংশই হবে উড়াল (এলিভেটেড)। বিষয়টি নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।
তিনি বলেন, সোজা ও সংক্ষিপ্ত এই নতুন রেললাইন (কর্ডলাইন) নির্মাণ শেষ হলে রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমে যাবে প্রায় ৮০ কিলোমিটার। পাশাপাশি দুই শহরের মধ্যে যাতায়াতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে।
রেলপথটি পুরোপুরি এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি বেঁচে যাবে বলেও জানান উপদেষ্টা। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে—জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রকল্পটির বাস্তবায়নে সময় লাগবে চার বছর।