ছবিঃ সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়ে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন—নিজেকে ঘিরে ছড়ানো এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছেন শোয়েব আখতার। এই গুঞ্জনের সূত্রেই দেশটির সাবেক তারকা পেসার পাকিস্তান ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এসেছিলেন।
ইংল্যান্ড সফর নিয়ে সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়; এরপর থেকেই সম্ভাব্য পরিবর্তনের নানা খবর আসতে শুরু করে। তারই মধ্যে ছড়ায় শোয়েব আখতারকে প্রধান নির্বাচক করার গুঞ্জন। কিন্তু পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সাবেক এই পেসার স্পষ্ট করেছেন, পিসিবির কোনো দায়িত্ব নেওয়া নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর কোনো আলোচনাই হয়নি।
৫১ বছর বয়সী শোয়েব উল্টো আবারও তুলে ধরেছেন মায়ের সেই পরামর্শের কথা, যেখানে তাঁকে এ ধরনের দায়িত্ব থেকে দূরে থাকতে বলা হয়েছিল। উপস্থাপক তাঁকে স্মরণ করিয়ে দেন, পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে মা তাঁকে বলেছিলেন—এ কথা তিনি নিজেই আগে জানিয়েছিলেন।
এর উত্তরে শোয়েবের বক্তব্য, “এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং (মায়ের) সেই পরামর্শেই অটল থাকব। এই দাবিগুলোর কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর শুনেছি আমিও। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
তাঁর কথা থেকে পরিষ্কার, পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর আছে, তবে পিসিবির কোনো আনুষ্ঠানিক পদে বসে নয়। এ নিয়ে বোর্ডের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সেটিও জানান তিনি।
শোয়েব এখন ছুটি কাটাচ্ছেন দেশের বাইরে। গুঞ্জন চলার মধ্যেই তিনি জানান, দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ বোর্ডের সঙ্গে কাজ না করেও আছে। তাঁর ভাষায়, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
এর মধ্য দিয়ে পিসিবিতে নিজের যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের ইতি টানলেন শোয়েব আখতার নিজেই।