‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, ফের প্রমাণিত’
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। মিষ্টি প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে তাঁর দাবি।
রাশেদ খান এসব তথ্য জানান বৃহস্পতিবার, তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে।
রাশেদ খান পোস্টে বলেন, সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়। এতে আবারও প্রমাণিত হলো যে কোনো অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আর অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়।
জামায়াত সংসদ সদস্য গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য না করায় অবশ্য প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তাঁর বক্তব্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও পদত্যাগে বাধ্য করলে ছোট্ট মেয়ে মরিয়মকে হয়তো দুনিয়া ছাড়তে হতো না।
তাঁর ভাষ্য, যারা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাবে এবং দলের নাম ভাঙিয়ে নিজের স্বার্থে অপকর্মে জড়াবে, তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে। দেশ ও জনগণের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে সহযোগিতার আহ্বানও জানান রাশেদ খান।
রাশেদ খান আরও মন্তব্য করেন, কোনো ব্যক্তির অপরাধে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও ভালো কাজ মলিন হওয়ার সুযোগ নেই, আর সে সুযোগ তিনি দেবেনও না।