শেখ হাসিনার বিচার আল্লাহ করছেন: এমপি রানু
ছবিঃ সংগৃহীত
শেখ হাসিনার সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ফেনীর ফুলগাজীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে এর আয়োজন করা হয়, যেখানে বক্তব্য দেন রানু।
রেহানা আক্তার রানু তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে কেবল বাড়িছাড়া করেই এ দেশের মানুষ থামেনি, তাঁকে দেশ ছাড়তেও বাধ্য করেছে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির কথা উল্লেখ করে তাঁর বক্তব্য, চোরেরা ওই বাড়ির টিন পর্যন্ত নিয়ে গেছে। রানুর ভাষায়, ‘শেখ হাসিনার বিচার আল্লাহ করছে।’
বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে রানু বলেন, তাঁর নাম মুছে ফেলার চেষ্টা একসময় হয়েছিল, তবে সময়ের ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। তিনি এ মন্তব্যও করেন যে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশ ছাড়তে হয়েছে।
ফুলগাজীর মানুষের মুখে মুখে চালু একটি ছড়া উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন রানু। তাঁর বক্তব্য, ‘কাঁচামরিচ ধুইয়া হাতা, আমাদের নাতির ঠান্ডা মাথা।’ সব ষড়যন্ত্র প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় মোকাবিলা করবেন—এমন মন্তব্যও করেন তিনি।
ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা কার্যক্রমের উদ্বোধন হয় এ অনুষ্ঠানে; একই সঙ্গে উদ্বোধন করা হয় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমেরও।