বিজয়নগর সীমান্তে কার্টন ফেলে পালাল পাচারকারীরা, মিলল ১৫ হাজার ৮৪টি ভারতীয় ফোনের ডিসপ্লে
ছবিঃ সংগৃহীত
জেলার বিজয়নগর সীমান্তে আজ এক অভিযানে ১২ কোটি টাকারও বেশি দামের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
বাসস’কে লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে আলীনগর বিওপি’র একটি টহলদল বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযানে নামে। ওই সময় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করছিল; বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টন তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ১৫ হাজার ৮৪টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার হয়।
জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লক্ষ ৮৪ হাজার টাকা বলে জানান তিনি। সেগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।