মায়ের বকুনির পর বাড়ি ছেড়ে নিখোঁজ ১০ বছরের মাদ্রাসাছাত্র, আদমদীঘিতে উদ্বেগে পরিবার
ছবিঃ সংগৃহীত
শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ১০ বছরের শিশু আবু বকর সিদ্দিক। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে নিখোঁজ হওয়া শিশুটির কোনো সন্ধান এখনো মেলেনি। খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
আবু বকর সিদ্দিক ওই গ্রামের রায়হান হোসেনের ছেলে এবং ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানি মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাদ্রাসা বন্ধ ছিল বলে সে বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে দুষ্টুমি ও মারামারি বাধে। তখন মা তাকে বকাঝকা করেন। কিছুক্ষণ পর, আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছে না।
বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না; বিকেলে ফিরে জানতে পারেন ছেলে নিখোঁজ। তখন থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, সে অনুরোধ জানানো হয়েছে। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এ বিষয়ে বলেন, বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগও করা হয়নি।