রাজধানীতে শুরু চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, অংশ নিচ্ছে শতাধিক প্রতিষ্ঠান
ছবিঃ সংগৃহীত
বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশনসামগ্রী—পাকিস্তানের এসব পণ্য রাজধানীতে প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান।
চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনীটি শুরু হয়েছে মঙ্গলবার, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন; দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এসব তথ্য দেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি প্রবাসীরাও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
পাকিস্তানের হাইকমিশনারের ভাষ্য, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।
তিনি জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ হলো—বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেটের যাত্রা শুরু, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বেড়ে যাওয়া এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির কারিগরি প্রক্রিয়া শেষ হওয়া।
তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্যের বাধা সরিয়ে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব তুলে ধরতে পারেন দুই দেশের ব্যবসায়ীরা।
প্রদর্শনীর আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে তিনি ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
পাকিস্তানে আসন্ন বিভিন্ন প্রদর্শনীতে বাংলাদেশের প্রদর্শকদের অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি যৌথ সেমিনার ও সম্মেলনের আয়োজনে ইপিবি প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।
হাসান আরিফ পাকিস্তানি প্রতিনিধিদের আমন্ত্রণও জানান—বাংলাদেশে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য।
তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, দুই দেশের অর্থনীতি পরস্পরের যে পরিপূরক, সেটিকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ নিতে।
অনুষ্ঠানে প্রদর্শনীর আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার।