রিয়াদের কাছে তেল স্থাপনায় হুথি হামলার দাবি, ইরান নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য
ছবিঃ সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার রবিবারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা ইরান প্রায় ছেড়েই দিয়েছে। স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যের একটি সমাবেশে যোগ দিতে হোয়াইট হাউস থেকে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি করেন।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি রবিবারের এক প্রতিবেদনে বলেছে, তেহরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ঠেকিয়ে রাখা; তবু ট্রাম্প এবার বলছেন, ইরান ওই পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে। অবশ্য পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ তেহরান সব সময়ই অস্বীকার করে এসেছে। নিজেদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস না করার কথাও জানিয়েছে তারা।
তেলের দাম এখন কমছে—ট্রাম্প তখন এমন দাবিও করেন। ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে তেলের দাম তুলনামূলকভাবে বেশ চড়া অবস্থানে ছিল।
ট্রাম্পের ভাষায়, ‘তেলের দাম কমছে। এই মুহূর্তে তেলের দাম কম এবং বাইডেন প্রশাসনের সময়ের তুলনায়ও এখন তা কম। অথচ ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা কিছুই করেনি।’
পরে তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয়—আপনারা জানেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে।’
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে গতকাল শনিবার আগুনের শিখার পাশাপাশি ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পরে দমকলকর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজে নামেন। তবে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য মেলেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, যেসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা হয়েছে, সেগুলোতে আগুন লেগে যায়। তিনি দাবি করেন, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায়, বিশেষত রাজধানী সানায় সৌদি বিমান হামলার পাল্টা জবাব দিতেই এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি