সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমতি নয়: স্বাস্থ্য অধিদপ্তর
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নতুন করে স্থাপনের অনুমতি দেওয়া হবে না।
একই সঙ্গে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এমন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্র্যাকটিস করতে পারবেন না, যেটি সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে, যাতে সই করেছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।
অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১৭ আগস্ট স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়; সেই সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর-৩-এ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার আলোকেই জারি করা হয়েছে এ নির্দেশনা।
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে নির্দেশনায়; পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া হলো, তা অবিলম্বে লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতেও বলা হয়েছে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে।