সিলেটে একদিনের অভিযানে গ্রেফতার ২৬, উদ্ধার ৮১৮ পিস ট্যাবলেট
ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার হয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে। অভিযানে উদ্ধার হয়েছে ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। পাশাপাশি একই সময়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
এসএমপি সূত্র শনিবার জানায়, ওই ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল শুক্রবার, নগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে। গ্রেফতারদের তালিকায় আছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা।
নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৮১৮ পিস উদ্ধার হয়েছে এ অভিযান চলাকালে। অবশ্য উদ্ধার করা এই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতারদের বিস্তারিত পরিচয় কিংবা মাদক কোথা থেকে উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে ট্রাফিক পুলিশ মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। সেগুলোর ২৮টির বিরুদ্ধে মামলা হয়েছে, আর আটক করা হয়েছে ৩১টি যানবাহন।
এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এমন অভিযান চলমান থাকবে।