ছবিঃ সংগৃহীত
হুথিদের হামলায় সৌদি আরব যখন নিরাপত্তা নিয়ে উদ্বেগে, ঠিক তখনই দেশটির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের বার্তা দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নেফতচির বিপক্ষে জয়ের পর তাঁর একটি বিশেষ পদক্ষেপ আল নাসরের সমর্থকদের চমকে দিয়েছে, নজর কেড়েছে সবার।
সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আল নাসর। অ্যাঞ্জেলোর গোলে দল এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির পর নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।
খেলা শুরুর আগে ম্যাচটি নিয়ে কিছুটা জটিলতাও তৈরি হয়েছিল। রিয়াদে ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা দেওয়ায় খেলা শুরু হয় দেরিতে। সম্প্রতি ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে রিয়াদের একাধিক জায়গা।
খেলা থেমে থাকার সময় ক্যামেরায় ধরা পড়েন রোনালদো—আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন তিনি। সৌদি আরবে খেলতে আসার পর থেকে দেশটির প্রতি তাঁর যে কৃতজ্ঞতা, এই দৃশ্যে সেটিই ফুটে ওঠে। ম্যাচ শেষেও ভিন্নভাবে নিজের এ অবস্থান তুলে ধরেন তিনি।
জয় উদযাপনের এক ফাঁকে সমর্থকদের কাছে সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফ চান রোনালদো, তারপর সেটি কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ কাজ তাঁর উদযাপনে যোগ করেছে ভিন্ন মাত্রা।
সৌদি প্রো লিগে আল নাসরের পরের প্রতিপক্ষ আল আহলি; ম্যাচটি ১৬ অক্টোবর।