১ অক্টোবর থেকে বাংলা কিউআর পেমেন্টের টাকা মার্চেন্টের হিসাবে জমা হবে তাৎক্ষণিক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে জমা করতে হবে। ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করে তোলাই এ নির্দেশের উদ্দেশ্য।
এ-সংক্রান্ত একটি সার্কুলার বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১।
সার্কুলার অনুযায়ী, বাংলা কিউআর কোডভিত্তিক সব পেমেন্টের অর্থ ১ অক্টোবর ২০২৬ থেকে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে দিতে হবে। আর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে যে নির্দেশনা ছিল, সেটি ওই দিন থেকেই বাতিল বলে ধরা হবে।
নির্দেশনায় বলা আছে, বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করা হলে ওই অর্থ তখনই মার্চেন্টের হিসাবে জমা করতে হবে। এর সঙ্গে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন যাতে দৃশ্যমান থাকে, সে কথাও বলা হয়েছে।
আইকনটি প্রদর্শন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে যে লোগো নির্ধারণ করা আছে, সে অনুযায়ী। এ ছাড়া শুধু বাংলা কিউআর স্ক্যান নয়, বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও যাতে পেমেন্ট সম্পন্ন করা যায়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সে ব্যবস্থা রাখার কথা নির্দেশনায় বলা হয়েছে।
মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা ওই সময়সীমার ভেতরেই চালু করতে হবে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য। এসব নির্দেশনা বাংলাদেশ ব্যাংক জারি করেছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায়।