ছবিঃ সংগৃহীত
এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়, তাতেই বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
ম্যাচটি হবে নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায়।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে একবার মুখোমুখি হয়েছিল, ২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ ২ রানে জিতে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিল মালয়েশিয়া; তখন বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে একটি সিরিজ খেলেছে তারা।
নিশিনে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা ছিল ওমানের বিপক্ষে; কিন্তু টানা বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। এতে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
হংকং গ্রুপ রানার্সআপ হয়েছে দুই পয়েন্ট নিয়ে। ওমান পেয়েছে এক পয়েন্ট, তারা প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়; এতে নেপাল গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে, আর জাপান বাদ পড়ে।
শেষ আটে সরাসরি জায়গা আগেই নিশ্চিত করেছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান; তা হয়েছিল আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনাল ছিল পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার; দুটি ম্যাচই আজ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে উঠেছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে।
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে যে দল জিতবে, প্রথম সেমিফাইনালে তারা পাকিস্তানের মুখোমুখি হবে।
বৃষ্টিতে বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও পরিত্যক্ত হলে টাইগাররা সেমিফাইনালে উঠে যাবে। মালয়েশিয়ার ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।’
পদকের ভাবনা এখনই নয়, লিটনের দৃষ্টি প্রথম ম্যাচের দিকেই। তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপাতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।’
এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।’
এ ছাড়া সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল। নেপাল ও শ্রীলঙ্কা মাঠে নামবে আগামীকাল সকাল ৬টায়।