নতুন সিজনেও ‘ঠাকুমা’ হয়ে ফিরছেন শ্রাবন্তী
ছবিঃ সংগৃহীত
‘ঠাকুমার ঝুলি’ সিরিজ সাফল্য পাওয়ার পর এর নতুন সিজনেও ‘ঠাকুমা’ হয়ে দেখা দেবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অর্থাৎ একই চরিত্রে আবারও ফিরছেন তিনি।
নতুন এ কাজের খবর শ্রাবন্তী দেন বুধবার (৩০ সেপ্টেম্বর), কলকাতায় হইচইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে। লাল গাউন পরা এই অভিনেত্রী সেখানে সবার দৃষ্টি কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি ও ভিডিও।
চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল ‘ঠাকুমার ঝুলি’। বাংলার জনপ্রিয় রূপকথার গল্প নিয়ে নির্মিত সিরিজটির পরিচালক ছিলেন অয়ন চক্রবর্তী। এতে ‘ঠাকুমা’র ভূমিকায় শ্রাবন্তীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
তবে এবারের সিজনে পরিচালকের আসনে বদল এসেছে; সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকছেন জয়দীপ মুখার্জি। ঠাকুমার নাতনির ভূমিকায় অবশ্য আগের সিজনের ধারাবাহিকতায় দিব্যাণী মণ্ডলকেই দেখা যাবে।
রাহুল ব্যানার্জি প্রথম সিজনে শ্রাবন্তীর সহশিল্পী ছিলেন। সম্প্রতি তিনি মারা যাওয়ায় নতুন সিজনে থাকছেন না; বিষয়টি দর্শকদের মনেও আবেগের সঞ্চার করেছে।
নতুন কাজটি নিয়ে হইচইয়ের অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাসের কথা জানান শ্রাবন্তী। টলিউডের নানা তারকার উপস্থিতিতে হওয়া আয়োজনটি নিয়েও আনন্দ ব্যক্ত করেন তিনি। এমন ধারাবাহিক কাজের মধ্য দিয়ে বাংলা বিনোদন জগৎ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।