ছবিঃ সংগৃহীত
৭টি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা অভিষেক শর্মা। ছক্কাগুলো এসেছে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তাঁর খেলা ৬১ রানের বিস্ফোরক ইনিংসটিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকের ৪০০তম ছক্কাটি আসে শনিবার, এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তাঁর মারা দ্বিতীয় ছক্কায়। বলের হিসাবে তিনি এই মাইলফলক ছোঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান। অভিষেকের ৪০০ ছক্কা এসেছে ৩ হাজার ৫১৩ বলে, অন্যদিকে ‘ইউনিভার্স বস’ গেইলকে খেলতে হয়েছিল ৩ হাজার ৫৫৭ বল। তালিকার শীর্ষে থাকা আন্দ্রে রাসেল ৪০০ ছক্কা মেরেছেন মাত্র ৩ হাজার ২৭ বল খেলেই।
গতকাল শনিবারের ম্যাচ শেষে এ বছর অভিষেকের ছক্কা হয়েছে ১০৪টি। এক বছরে একশ ছক্কা তিনি মেরেছিলেন ২০২৫ সালেও; ভারতের আর কোনো ক্রিকেটারের এমন রেকর্ড নেই।
এক বছরে একশ ছক্কা সবচেয়ে কম বলে মারার তালিকায় অভিষেক এখন আছেন দুই নম্বরে; এ জন্য তিনি খেলেছেন ৬৫১ বল। তাঁর ওপরে থাকা আন্দ্রে রাসেলের লেগেছিল ৫৮৯ বল। আর ৬৫৩ বলে একশ ছক্কা মেরে তৃতীয় স্থানে আছেন ডেওয়াল্ড ব্রেভিস।
পাশাপাশি অভিষেক শর্মা ছুঁয়েছেন যুবরাজ সিংকেও—ভারত-পাকিস্তান ম্যাচের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার কীর্তি এখন দুজনের। যুবরাজ ৭টি ছক্কা মেরেছিলেন ২০১২ সালে, অভিষেকও এবার মারলেন ঠিক ততগুলোই।
যে ম্যাচে অভিষেকের এই রাজকীয় ইনিংস, তাতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১১ রান। অভিষেকের পাশাপাশি তিলক ভার্মা ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে হাসান নওয়াজ ৯৬ রানের ইনিংস খেললেও পাকিস্তান থেমে যায় ১৯২ রানে। তাতে ১৯ রানে জিতে স্বর্ণপদক ঘরে তোলে ভারত।